ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নড়াইলে ৬ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

নড়াইলে ৬ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

নবপ্রকাশ ডেস্ক:

নড়াইল সদর উপজেলার একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক ভুক্তভোগী শিশুর মায়ের মামলার পর, অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌরসভার একটি মাদরাসায় হেফজ বিভাগে শিক্ষকতা করতেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এক ভুক্তভোগী শিশু (৮)-এর মা তার সন্তানকে দেখতে পৌরসভার ডুমরতলা গ্রামে অবস্থিত ওই মাদরাসায় যান। এ সময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে ধর্ষণ করেছেন। ঘটনাটি শোনার পর শিশুটির মা অবিলম্বে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলে শিশুটি পুরো ঘটনা প্রকাশ্যে আনে। ওই সময় মাদরাসায় থাকা আরো পাঁচ ছাত্র অভিযোগ করে যে, ওই শিক্ষক তাদেরও নানাভাবে ধর্ষণ করেছেন।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ভুক্তভোগী এক শিশুর মা শনিবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর মাত্র ১০ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, “এক নারী তাঁর সন্তানকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় এলে আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ১০ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি মাহবুবুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার ব্যবস্থা চলছে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে