স্পোর্টস ডেস্ক:
ধর্ষণের দুটি গুরুতর অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ২০২৪ সালের মার্চে লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের রবিন দাসকে ধর্ষণের দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের পর ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন।’
চলতি বছরের ২৩ জুলাই রবিন দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ আনা হয়। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ গঠনের দুদিন আগে, গত ২১ জুলাই চলতি মৌসুমে এসেক্সের হয়ে নিজের একমাত্র প্রথম দলের ম্যাচটি খেলেছিলেন রবিন। ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে সেই ম্যাচে ব্যাট হাতে ২৯ রান করেন তিনি। এরপর থেকে তাকে আর এসেক্সের হয়ে মাঠে নামতে দেখা যায়নি।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ক্লাব কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এক বিবৃতিতে এসেক্স জানায়, চুক্তিবদ্ধ এক খেলোয়াড় ক্লাবের বাইরের একটি ঘটনার প্রেক্ষিতে আদালতে হাজির হয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইসিবি (ECB), পিসিএ (PCA), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাব। তাৎক্ষণিকভাবে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানিয়ে এসেক্স উল্লেখ করে, তারা যথাযথ আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা নীতিমালা মেনে চলবে।
আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি কাউন্টি ক্লাবটি।
উল্লেখ্য, ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হওয়া রবিন দাস এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে একটি শতক হাঁকান তিনি। এছাড়া একই মৌসুমে এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনাল খেলার অভিজ্ঞতাও রয়েছে এই ব্যাটারের।
