ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি-পরবর্তী বর্জ্য অপসারণে অবহেলা ও গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনায় চরম উদাসীনতা পাওয়ায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

মো. সাদেকুর রহমান (উপসচিব): আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জোন-৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

কাজী সালেহ মুস্তানজির (উপসচিব): আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জোন-১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব অবহেলার কারণে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব চিত্র দেখতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন রুট ঘুরে দেখেন।

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করতেই তিনি এই আকস্মিক পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পথ দিয়ে অগ্রসর হয়। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ সড়ক হয়ে নারিন্দা ও রায়সাহেব বাজার মোড়ে পৌঁছান।

পরবর্তীতে তাঁর গাড়িটি জজ কোর্ট সড়ক, নবাবপুর, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড এবং মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে বেশ কিছু এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং এর পরপরই দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে