নবপ্রকাশ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ ও একটি উচ্চমূল্যের স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দুটি পৃথক সফল অভিযানে মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ (যার মধ্যে রয়েছে স্বর্ণবার ও অলংকার) এবং একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের শুল্ক ও করাদিসহ আনুমানিক বাজারমূল্য মোট ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান দুটি পরিচালিত হয়।
শাহজালালে নারী যাত্রীর কাছে সোনা ও আইফোন উদ্ধার
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তা ও গোয়েন্দারা। মালেশিয়ার কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট (BS-0316) যোগে আগত যাত্রী ফাতেমা তুজ জোহরা ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়।
পরবর্তীতে ব্যাগেজ পরীক্ষার পর তাঁর কাছ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি অত্যাধুনিক ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ (iPhone 18 Pro Max) জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
চট্টগ্রামে জুতার ভেতর লুকানো সোনা উদ্ধার
একই দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (BG-148) ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়। সকাল ৭টা ৩০ মিনিটে দুবাই ফেরত যাত্রী তানবীর হাসান রিফাত গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরবর্তীতে কাস্টমস হলরুমে অন্যান্য সংস্থার উপস্থিতিতে তাঁর দেহ ও জুতো তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহে লুকানো ১১৭ গ্রামের একটি সোনার বার উদ্ধার করা হয়। একই ফ্লাইটে আসা অন্য যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের সোনার বার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। কাস্টমস রেকর্ড অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে চলতি ২০২৬ সালে ব্যাগেজ সুবিধার আওতায় পূর্বেও স্বর্ণ আনার তথ্য সংরক্ষিত রয়েছে। চট্টগ্রামে এই অভিযানে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহেই বিভিন্ন যাত্রীর কাছ থেকে সর্বমোট ৯০২ গ্রাম স্বর্ণ (৭০২ গ্রাম বার ও ২০০ গ্রাম অলংকার) জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে রাজস্ব ফাঁকি ও স্বর্ণ চোরাচালান চক্র প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ও অবৈধ পাচার রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
