আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কোন দিকে যাবে, তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তেলের দাম কমার আশা জাগালেও অঞ্চলটিতে নতুন করে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারকে চাপে রাখছে, উদ্বেগ বেড়েছে সরবরাহ নিয়েও।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সময় ১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৪৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ১৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৬৫ সেন্টে নেমে আসে। এর আগের দিন অবশ্য ব্রেন্টের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশ বেড়েছিল।
তেলের বাজারে এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়েছেন, যাতে শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
