ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তুরস্ক-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি: আলোচনা জোরদারের উদ্যোগ

তুরস্ক-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি: আলোচনা জোরদারের উদ্যোগ

নবপ্রকাশ ডেস্ক:

তুরস্কের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিপজ্জনক শিল্পবর্জ্য পরিশোধনে তুরস্কের প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে দুই পক্ষই এফটিএ বাস্তবায়নে চলমান আলোচনার গতি পর্যালোচনা করে। শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং তুর্কি বিনিয়োগ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় উভয় দেশ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ফলমূল আমদানির ক্ষেত্র সম্প্রসারণে ব্যবসায়িক যোগাযোগ জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ লক্ষ্যে তুরস্কের ফলমূল রফতানিকারক সংস্থাগুলোর পূর্ণাঙ্গ পরিচিতি ও যোগাযোগসংক্রান্ত তথ্য বাংলাদেশ চেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশীয় আমদানিকারকদের কাছে এসব তথ্য পৌঁছে দিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ সৃষ্টি করা হবে বলে জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও জাহাজ ভাঙা (শিপ ব্রেকিং) শিল্পের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। পরিবেশবান্ধব উপায়ে এ ধরনের বর্জ্য সংরক্ষণ, বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ ও নিরাপদ নিষ্পত্তির জন্য তুরস্কে গড়ে ওঠা আধুনিক অবকাঠামো ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) মডেল অনুসরণে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার সুযোগ নিয়ে বিশদ আলোচনা হয়।

তুরস্কের ট্যানারি শিল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত রামিস সেন জানান, পরিবেশগত নীতিমালার কারণে তাঁর দেশে প্রথাগত চামড়া প্রক্রিয়াজাতকরণের পরিধি কমে এসেছে। এর পরিবর্তে তুরস্কে সিন্থেটিক চামড়ার ব্যবহার এবং এর কাঁচামাল আমদানির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ ছাড়া রাষ্ট্রদূত আগামী দিনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অর্থ ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত স্থায়ী কমিটি (কমসেক)-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন এবং ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট ও হালাল এক্সপোতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, কমসেকের মূল সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এবং পরবর্তী ধাপের আন্তর্জাতিক কর্মসূচিতে বাংলাদেশের অন্যান্য প্রতিনিধি দল অংশ নেবে।

উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের ইকোনমিক কাউন্সেলরসহ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে