ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » তিন শীর্ষ পদের পদত্যাগ দাবি কংগ্রেসের

তিন শীর্ষ পদের পদত্যাগ দাবি কংগ্রেসের

নবপ্রকাশ ডেস্ক:

ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসার পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। বিতর্ক ও অসন্তোষের মুখে গতকাল মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছে।

একই সঙ্গে কংগ্রেস জানিয়েছে, নির্বাচনী ব্যবস্থার এই নজিরবিহীন অনিয়মের বিরুদ্ধে সারা দেশে যৌথ আন্দোলন গড়ে তুলতে আজ বুধবার নয়া দিল্লিতে বৈঠকে বসছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতারা।

সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত হয় যে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত সিইসি জ্ঞানেশ কুমারের একক সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১০ মাসে অন্তত ১৪ বার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। তাঁদের না জানিয়েই একাধিক বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই তথ্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। গত সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় সিইসির পৈতৃক বাড়ির দেয়ালে ‘ভোট চোর’ ও স্প্রে দিয়ে স্লোগান লিখে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সিইসি জ্ঞানেশ কুমারকে মোদি সরকারের ‘হাতের পুতুল’ আখ্যা দিয়ে বলেন, তিনি ক্ষমতার স্রেফ একটি হাতিয়ার মাত্র। সিডব্লিউসির বৈঠকে গৃহীত প্রস্তাবে উল্লেখ করা হয়, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ভারতের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার যে হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা-ই সত্যি প্রমাণিত হলো।

প্রস্তাবে দাবি করা হয়, স্বচ্ছতা ছাড়াই তড়িঘড়ি করে এসআইআর প্রক্রিয়া চালানোর কারণে দেশের ১৩ কোটিরও বেশি নাগরিকের ভোটাধিকার ঝুঁকিতে পড়েছে এবং তালিকা থেকে ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে ১৩ লাখের বেশি ভোটারের নাম। বিরোধী দলগুলো অনতিবিলম্বে এসব বাদ পড়া নাম পুনর্বহাল এবং এসআইআর কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে।

অন্যদিকে, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী শিবাজি পার্কে প্রতিবাদ সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ২ অক্টোবর থেকে শহরজুড়ে ‘জেল ভরো’ আন্দোলন বা গণগ্রেপ্তার কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে