ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ সলিমুল্লাহ হলের সংলগ্ন ফুটপাত থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সলিমুল্লাহ হলের সামনের ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী জানান, স্থানীয় লোকজনের সাথে কথা বলেও তাৎক্ষণিকভাবে ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, “মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
