ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ডেঙ্গুর প্রকোপ: ৮ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ ভর্তি

ডেঙ্গুর প্রকোপ: ৮ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ ভর্তি

নবপ্রকাশ ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র শয্যা সংকটের মুখে পড়েছেন চিকিৎসাসেবা প্রত্যাশীরা। একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের মেঝেতেই ঠাঁই হচ্ছে শিশুসহ ডেঙ্গু আক্রান্ত রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র আট দিনে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক আক্রান্ত রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। একই সময়ে উপজেলায় হামের প্রকোপ চড়াও থাকায় শিশু রোগীর চাপও ব্যাপক হারে বেড়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ওয়ার্ডের মধ্যে স্বাভাবিক পরিবেশ বলতে কিছু নেই। ভবনের করিডোর ও মেঝেজুড়ে রোগীদের জন্য তোশক বা চাদর পেতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থান সংকটে অসুস্থ শিশুদের মেঝেতে রেখে স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছে, আর পাশেই কোনোমতে বসে দিন কাটাচ্ছেন স্বজনেরা।

রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও অতি প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা বাইরের দোকান থেকে চড়া দামে করতে হচ্ছে। চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশা উদ্দিন ও সবজি ব্যবসায়ী আব্দুর রহিমসহ বেশ কয়েকজন অভিভাবক জানান, হাসপাতালে সিট মেলেনি, তার ওপর চিকিৎসক যে ওষুধ লিখছেন, তার বেশিরভাগই ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো চরম আর্থিক চাপে পড়ছে।

স্থানীয়দের অভিমত, গত বছরের তুলনায় চলতি বছর এলাকায় ডেঙ্গুর প্রভাব অনেক বেশি। তাই কেবল হাসপাতালে চিকিৎসাসেবা বাড়িয়ে এই সংকট সমাধান সম্ভব নয়; মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং পাশাপাশি হাসপাতালে দ্রুত পর্যাপ্ত ওষুধ ও শয্যা সংখ্যা বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জানান, “সাম্প্রতিক সময়ে ডেঙ্গু ও হামের রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের স্বাস্থ্যকর্মীরা নিবেদিতভাবে কাজ করছেন। প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসাসামগ্রী ব্যবস্থার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে