নবপ্রকাশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ূন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ব্যস্ত কূটনৈতিক সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনীতি, অর্থনৈতিক বিনিয়োগ ও সামরিক খাতে পূর্ণাঙ্গ সহযোগিতার শক্তিশালী আশ্বাস মিলেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম মেটা ঢাকায় তাদের নিজস্ব কার্যালয় স্থাপন এবং শিক্ষা ও ব্যবসায় প্রযুক্তিগত সহায়তা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
