ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঝুঁকিপূর্ণ মণ্ডপ মেলেনি, পেলেই দ্রুত ব্যবস্থা

ঝুঁকিপূর্ণ মণ্ডপ মেলেনি, পেলেই দ্রুত ব্যবস্থা

নবপ্রকাশ ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের কোথাও এখনো কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা রয়েছে এবং কোনো ধরনের ঝুঁকি বা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও মহানগর পূজা পরিষদসহ সনাতন ধর্মাবলম্বী শীর্ষ সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিস্তর আলোচনা ও পরামর্শ করা হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বণ্টন সম্পন্ন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন অতীতের যেকোনো সময়ের চেয়ে সুদৃঢ় হয়েছে। এ বছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮১০টিতে, যা আগের বছরের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান পূজা মণ্ডপের সরকারি বিশেষ অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন।

মণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মণ্ডপে বিশেষ অ্যাপস প্রযুক্তি ব্যবহার ছাড়াও পুলিশ সদর দপ্তর, জেলা ও বিভাগীয় পর্যায়ে ২৪ ঘণ্টার কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের পাশাপাশি বিকল্প হিসেবে জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

পূজার সরকারি ছুটি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূজার ছুটি বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। এর সাথে সপ্তাহান্তের ছুটি যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা কার্যত টানা ৫ দিনের ছুটি উপভোগ করবেন।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের তালিকা হালনাগাদ করে অভিযান জোরদার করা হয়েছে। ৯৯৯-এ যেকোনো অভিযোগ আসা মাত্রই আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধকে কেবল অপরাধ হিসেবেই দেখা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে