ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার: ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল মালামাল উদ্ধার

জিএমপির অভিযানে ভুয়া এসআই গ্রেপ্তার: ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল মালামাল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল ও জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রুবেল খাঁ (২৮) নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই মো. হারিছুর রহমানের নেতৃত্বে একটি দল গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার আবুল কালাম আজাদের বাড়ির একটি ভাড়া বাসা থেকে রুবেল খাঁকে আটক করা হয়।

আটকের পর তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি কিবোর্ড, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত মাস্টারকি, হেলমেট, ওয়াকিটকি সেট, পুলিশ ভেস্ট, হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার এবং বিভিন্ন সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ভুয়া পুলিশ পরিচয়পত্র, বিআরটিএ-এর জাল সিলমোহর, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড ও জাল কর পরিশোধ সনদসহ বিভিন্ন জালিয়াতির আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা এবং টাঙ্গাইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।

গাছা থানা পুলিশ জানায়, রুবেল খাঁ প্রকৃতপক্ষে কোনো সরকারি কর্মকর্তা নন। তিনি পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিতেন। একই সাথে জাল সিলমোহর ও ভুয়া নথিপত্র তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা এবং চোরাই মালামাল চক্রের সাথে জড়িত ছিলেন।

এ ঘটনায় রুবেল খাঁর বিরুদ্ধে গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে