ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করল পুলিশ: ঢাকায় আইজিপির হাতে হস্তান্তর

জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করল পুলিশ: ঢাকায় আইজিপির হাতে হস্তান্তর

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশে ঘুরতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে বিপাকে পড়েছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। অবশেষে বাংলাদেশ পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে তার গুরুত্বপূর্ণ নথি সম্বলিত ল্যাপটপটি। উদ্ধারকৃত ম্যাকবুক ল্যাপটপটি মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই পর্যটকের হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল। দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পথে তিনি নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। সেখানে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। তবে ফিরে এসে নিজের মালামাল না পেয়ে দ্রুত নাটোর থানায় গিয়ে পুলিশের আইনি সহায়তা চান।

হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে ওই জার্মান পর্যটকের বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য ও নথি ছিল। তার লিখিত আবেদনের ভিত্তিতে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক দল উদ্ধার অভিযানে নামে। চার ঘণ্টারও বেশি সময় নিরলস চেষ্টা চালিয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।

ল্যাপটপ ফেরত পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। একই সাথে বাংলাদেশ ভ্রমণকালীন নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও সবার সামনে তুলে ধরেন এই বিদেশি পর্যটক।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ল্যাপটপ উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। আইজিপি মো. আলী হোসেন ফকির নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক পুরস্কার প্রদান করেন।

আইজিপি এ উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করার আহ্বান জানান। দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা বজায় রাখা, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনে সব সদস্যকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা দেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে