নবপ্রকাশ ডেস্ক:
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সংঘাতের ফলে ফের উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য । দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে সৃষ্ট জাতিগত সহিংসতায় অন্তত তিনজন নিহত এবং বহু আহত হয়েছে । খবর ডনের।
গত প্রায় তিন বছর ধরে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।
মণিপুর পুলিশ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। রাজ্যের উখরুল জেলার মুল্লাম গ্রামে এই সংঘাত হয়েছে। তবে কোন সম্প্রদায়ের লোকজন এই হামলায় জড়িত তা নিয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি।
সংঘাত দমনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
মানবাধিকার কর্মীরা দাবি করছেন, রাজনৈতিক লাভের জন্য স্থানীয় নেতারা দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত জিইয়ে রেখেছেন। সরকারি তথ্যের বরাতে ডন বলছে, ২০২৩ সালে সংঘাত শুরু হলে অন্তত ৬০ হাজার লোক বাড়িছাড়া হয়েছে।
এরপর বিভিন্ন সময়ে সংঘাত দেখা দিলেও তা নিয়ন্ত্রণে ছিল নিরাপত্তা বাহিনীর। চলতি মাসের শুরুতে কুকি গোষ্ঠী হামলা চালালে দুই শিশুসহ চারজন নিহত হয়। এর জবাবে পরবর্তী সময়ে মেইতেই সম্প্রাদায়ের লোকজন একটি আধা-সামরিক ক্যাম্পে হামলা চালায়।
