নবপ্রকাশ ডেস্ক:
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও প্রদানের কোনো সুযোগ নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পর্দা পালনের উদ্দেশ্যে ছবি না তুলে বিকল্প পদ্ধতিতে এনআইডি সরবরাহের নির্দেশনা চেয়ে করা একটি রিটের জারি করা রুল খারিজ করে বুধবার এই নির্দেশ দেন আদালত।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
আদালতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায় শেষে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন যে, পূর্বে জারি করা রুলটি আদালত খারিজ করে দিয়েছেন। ফলে ধর্মীয় বা ব্যক্তিগত যেকোনো কারণেই হোক না কেন, ছবি তোলা ছাড়া নতুন কোনো এনআইডি কার্ড পাওয়ার আইনগত কোনো সুযোগ আর থাকছে না। মামলায় রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা পালনের সুবিধার্থে ছবি না তুলে বায়োমেট্রিক বা অন্য কোনো বিকল্প উপায়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার দাবি জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে রিট দায়ের করেন রাজধানীর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। তার পক্ষে মামলার প্রতিনিধিত্ব করেন স্বামী মুহম্মদ আরিফুর রহমান।
রিটকারী নারী এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া এনআইডি পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন পর্দানশীন মুসলিম নারী এবং ধর্মীয় বিধান মানার কারণে তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন। এনআইডি না থাকার কারণে তিনি নাগরিক বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে ছবি ছাড়া বিকল্প এনআইডির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
নির্বাচন কমিশন থেকে সেই আবেদনের সিদ্ধান্ত না পাওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট বিষয়টি নিয়ে প্রাথমিক রুল জারি করেছিলেন। রুলে কেন ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এনআইডি তৈরির নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার চূড়ান্ত শুনানিতে সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।
