নবপ্রকাশ ডেস্ক:
প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের ধারা অব্যাহত রেখেছেন। দ্বিপক্ষীয় এই সম্পর্কের অবনতি হওয়ার কোনো সুযোগ নেই, বরং দিন দিন তা আরো জোরদার করা হবে। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উপায়ের কথা উল্লেখ করে সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের প্রযুক্তিগত সহযোগিতা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব এখন সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের এক নতুন যুগ সূচিত হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা গ্রহণে সর্বদা উৎসাহিত করে আসছে।
