ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চীনের বাজারে ওষুধের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

চীনের বাজারে ওষুধের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক

চীনা বাজারে বাংলাদেশের তৈরি ওষুধ প্রবেশের সুবিধা ও সুযোগ আরো সহজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস (এপিআই) উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো গঠনে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চীনের হাইকো শহরে অনুষ্ঠিত ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ (বিএফএ)-এর গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬-এর হাইকো সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। বর্তমানে দেশে উৎপাদিত ওষুধ বিশ্বের প্রায় ১৬০টি দেশে রপ্তানি করা হচ্ছে। এশিয়া অঞ্চলে স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা সুসংহত করতে ওষুধশিল্প, ডিজিটাল স্বাস্থ্য, এআই, টিকা গবেষণা ও সুস্থ বার্ধক্য নিশ্চিতকরণের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক চিকিৎসার প্রয়োগ তুলে ধরে মন্ত্রী জানান, ক্যানসার চিকিৎসা, নির্ভুল চিকিৎসা (প্রিসিশন মেডিসিন), দূরবর্তী রোগী পর্যবেক্ষণ এবং রোবোটিক সার্জারিতে প্রযুক্তির সম্ভাবনা অপরিসীম। তিনি বৈশ্বিক ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে যৌথ অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া এশিয়ার ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পুনর্বাসন কেন্দ্র এবং টিকা উৎপাদনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, উক্ত আন্তর্জাতিক সম্মেলনে চীন, লাওস, মিসরের নীতি-নির্ধারকদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনের ১৪তম জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লিয়াং চুন-ইংসহ ঊর্ধ্বতন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে