চামড়া ছেড়ে মানুষ সিনথেটিকের দিকে ঝুঁকছে: প্রাণিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে।
শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে।
মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে। কারণ বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটির ড্রপ করছে।
তিনি আরও বলেন, বিশ্বটা একটা ফ্যামিলির মতো, পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয় এটার এফেক্ট আমাদের ওপর প্রভাব পরতে পারে। কারণ আমরা যে চামড়া উৎপাদন করি তার বেশিরভাগ চামড়া রপ্তানি হয়ে যায়।
এটা সত্য বিশ্ব অর্থনীতি একটু টালমাটল অবস্থায় রয়েছে।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা যখন স্লোগান দেই, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ আমাদের ভাবতে হবে সেই জিয়ারা কোথায়? আসলে আমরা নিজেরাই নিজেদের নিয়ে স্লোগান দিচ্ছি। যারা জিয়ার আদর্শকে ধারণ করে তারা কখনো আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। আমাদের নাম ব্যবহার করে কিছু লোক এমন কাজ করছে যে আমাদের দল ও সরকার বিতর্কিত হয়।
কিছু দুশ্চরিত্র লোক কিশোর গ্যাং জন্ম দেয় বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য।
এই সময় তিনি সরকারের বর্জ্য ব্যবস্থাপনার সফলতা নিয়ে বলেন, বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী কি আগে ছিলেন যিনি নিজে গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে দেখছেন কোথাও বর্জ্য ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা? কোন অব্যবস্থাপনা পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ৮ ঘণ্টার আগেই বর্জ্য পরিষ্কার করা হয়েছে, এতেই বুঝা যায় ইচ্ছা থাকলেই সব সম্ভব।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সেক্রেটারি শফিউল আলম রায়হান। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
