রাজবাড়ীর পাংশায় প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু নামের স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পাংশা পৌর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা জান্নাত মুমু ভোলা জেলার দৌলতখালী উপজেলার আব্দুল হাইয়ের বড় মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআপরা গ্রামের জামাল চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল জান্নাতের। তবে পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় গত এপ্রিল মাসে কুষ্টিয়া জজ কোর্টে গিয়ে আকাশকে বিয়ে করেন তিনি। এরপর স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন জান্নাত।প্রায় চার মাস পর বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর আগে একটি খাতায় পরিবারের উদ্দেশে আবেগঘন কিছু কথা লিখে গেছেন বলে দাবি করেছে স্বজনরা। সেই চিঠিতে বাবা-মায়ের প্রতি নিজের ভালোবাসা, অনুতাপ ও মানসিক কষ্টের কথা লিখেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
