ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক খেলাধুলার বই

চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক খেলাধুলার বই

নবপ্রকাশ ডেস্ক:

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলে দেশের নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। এরই অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে সম্পূর্ণ নতুন একটি পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসিসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “জীবনের সঠিক লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে একটি সুস্থ শরীর ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নতুন এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার উপকারিতা, শারীরিক ফিটনেস, সুষম পুষ্টি এবং সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে।”

অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিমধ্যে ডিও (DO) লেটার দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের জন্য নিরাপদ ও পৃথক আবাসন ব্যবস্থার সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি চিরতরে পরিহার করে একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সতেরো বছরের ভীতি ও অস্থিতিশীল ইতিহাসের পুনরাবৃত্তি আর কেউ দেখতে চায় না। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার তথা সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে