ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গ্যাস সংকটে মন্দার শ’ঙ্কা জেডিপির

গ্যাস সংকটে মন্দার শ’ঙ্কা জেডিপির

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে দেশের অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে বলে সতর্ক করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির দাবি, গ্যাস সংকট নিরসনে সরকারের দেওয়া আশ্বাসে সাধারণ মানুষের আস্থা তৈরি হচ্ছে না। সংকট দীর্ঘায়িত হলে শিল্প ও ব্যবসায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি ও খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ‘তীব্র গ্যাস সংকটের প্রতিবাদ এবং দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ।

নাঈম আহমাদ বলেন, গ্যাস দেশের শিল্প, কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কিন্তু গ্যাসের সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়ছে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি গভীর মন্দার মুখে পড়তে পারে।

তিনি বলেন, ‘গ্যাস দিতে না পারলে ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদ পরিশোধে বাধ্য করা অন্যায্য।’ তাঁর দাবি, গ্যাস সংকটের কারণে যেসব শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে ক্ষতির মুখে পড়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ঋণের সুদ মওকুফ বা স্থগিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রণোদনাও দিতে হবে।

গ্যাস সংকটে গার্মেন্টস খাতের নারী শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে নাঈম আহমাদ বলেন, অনেক নারী শ্রমিক সকাল ৮টা থেকে রাত ৯টা, এমনকি কখনো মধ্যরাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। কিন্তু বাসায় ফিরে রান্নার জন্য গ্যাস পান না। আবার ভোরেই তাঁদের কর্মস্থলে যেতে হয়। নিম্ন আয়ের এসব শ্রমিকের অনেকের পক্ষেই বাইরে থেকে খাবার কিনে খাওয়া সম্ভব নয়। ফলে গ্যাস সংকট তাঁদের জীবনে বাড়তি দুর্ভোগ তৈরি করছে।

কৃষি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গ্যাসের সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হলে এবং সার উৎপাদনে সমস্যা দেখা দিলে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। সংকট দীর্ঘায়িত হলে কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এর প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তা ও বাজারে পণ্যের দামের ওপর।

মানববন্ধনে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, গ্যাস সংকটকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তা গণবিক্ষোভে রূপ নেওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আশ্বাস দিয়ে সংকটের সমাধান সম্ভব নয়; দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন, দেশের মাটির নিচে গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতেরও বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব সম্পদের যথাযথ ব্যবহারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারের সোলার বিদ্যুৎ নিয়ে কিছু উদ্যোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়াতে হবে, নেট মিটারিং ব্যবস্থা সহজ করতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ ন্যায্যমূল্যে কেনার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে হবে।

দিদার ভূঁইয়া অভিযোগ করেন, দেশীয় জ্বালানি সম্পদের উন্নয়নের পরিবর্তে সরকার বেশি দামে বিদেশ থেকে জ্বালানি কেনার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে সংকট আরও গভীর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটের পাশাপাশি দ্রব্যমূল্য, নাগরিকের জানমালের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। এসব সমস্যা থেকে উত্তরণে সরকার ও প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা জরুরি।

মানববন্ধনে জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ, জেডিপির প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত, নির্বাহী পরিষদের সদস্য রাকিবুল মিলন ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত রাজ, মাহতাব হোসেন সাব্বির, ইঞ্জিনিয়ার আইমান আন্দালিব, নাঈম আল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত গ্যাস সংকট নিরসন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে