ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাড়িচালকের মামলায় এমপি নজরুলের গোপন ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য

গাড়িচালকের মামলায় এমপি নজরুলের গোপন ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলায় অনৈতিক সম্পর্ক ও গোপন ভিডিও ফাঁসের সন্দেহ ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রাজধানীর পল্লবী থানায় করা মামলায় অভিযোগ করা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুল্লাহকে মারধর এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে।

এদিকে মামলায় গ্রেপ্তার আসামি রাকিবুল হাসানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

এর আগে তদন্ত কর্মকর্তা ও ডিবি পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর না করে দুই কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদঘাটন, জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও বাদীর ভাগ্নির কথিত ভাইরাল ভিডিও উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, বাদী ওবায়দুল্লাহ পল্লবীর কালশী এলাকার একটি বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে ওই বাসায় সংসদ সদস্যের যাতায়াত ছিল।

বাদীর অভিযোগ, একপর্যায়ে সংসদ সদস্যের সঙ্গে তার ভাগ্নির অনৈতিক সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানতে পেরে তিনি পরিবারকে জানান এবং সংসদ সদস্যকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, মগবাজারভিত্তিক একটি চক্র সংসদ সদস্য ও ওই তরুণীর কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে ব্ল্যাকমেইল করছিল। এসব ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার পেছনে ওবায়দুল্লাহ জড়িত—এমন সন্দেহ থেকে তার ওপর হামলা চালানো হয় বলে সেখানে অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, গত ১৪ জুলাই সকাল ১১টার দিকে আসামি আমিনুর রহমান কৌশলে ওবায়দুল্লাহকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা একজোট হয়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। ওবায়দুল্লাহর মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুল্লাহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পল্লবী থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে