নবপ্রকাশ ডেস্ক:
গাজা ইস্যুতে আমেরিকান র্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের জেরে ফিলাডেলফিয়ার কনসার্টে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘বিপর্যয়কর ও অসমর্থনযোগ্য’ আখ্যা দিয়ে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে শিরান জানান, রাজনৈতিক কর্মী না হলেও বৈশ্বিক পরিস্থিতি তাঁকে কথা বলতে বাধ্য করেছে। ৭ অক্টোবরের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, গাজায় শিশুদের প্রাণহানি তাঁর হৃদয় ভেঙে দিয়েছে। পশ্চিম তীরের ‘পদ্ধতিগত অবিচার’ উপেক্ষা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সহশিল্পীরা সরে দাঁড়ালে অনুষ্ঠান আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরে ব্যাকিং ব্যান্ড ছাড়াই মঞ্চে পারফর্ম করেন তিনি। আয়োজক কর্তৃপক্ষের শিল্পীদের বক্তব্যে হস্তক্ষেপ করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিরান।
তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে জানান, গত কয়েক দিন তাঁর জীবনের অন্যতম কঠিন সময় ছিল। কনসার্টের শুরুতে গম্ভীর আলোচনার কারণে আগত পরিবার ও শিশুদের কাছে ক্ষমা চান এই সংগীতশিল্পী।
