খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই ২০২৬) রাতে নগরীর বিশ্বরোড সাচিবুনিয়া মোড়ে পরিচালিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি ভ্যানগাড়ির গতিরোধ করে তল্লাশি করলে বড় একটি বস্তার ভেতরে অভিনব কায়দায় প্লাস্টিকের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
পরে বস্তাটি খুলে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন—খুলনা সদর থানার কাচারীঘাট এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. সিমবাদ চৌধুরী (২০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার মোক্তার হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৬)।
লবণচরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই ভ্যানগাড়িতে থাকা ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এএসআই আনোয়ার, এএসআই আজিম হোসেন এবং কনস্টেবল আশরাফুল আলম।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া গাঁজার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
