ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » খুলনায় ডেঙ্গু আক্রান্ত জামায়াত নেতার মৃ’ত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত জামায়াত নেতার মৃ’ত্যু

খুলনা প্রতিনিধি

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবী অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী (৫৩) মারা গেছেন। তিনি খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য এবং জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতি থানা শাখার সেক্রেটারি ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

গত ১২ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হন লিয়াকত আলী। পরে রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতে তার মরদেহ বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের উদয়ন খালী গ্রামের মসজিদসংলগ্ন বালুর মাঠে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। সোমবার জোহরের পর বায়তুল মামুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেন। পরে সেনের বাজার মল্লিক বাড়ি সালেহা ইউসুফিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে তার মরদেহ দাফন করা হয়।

অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতাকর্মীরা।

খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৫৩ রোগীর মধ্যে ১২০ জন সরকারি হাসপাতালে এবং ৩৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলাভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৩ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন।

এ ছাড়া বাগেরহাটে ১৫, যশোরে ২০, কুষ্টিয়ায় ৮, নড়াইল ও চুয়াডাঙ্গায় ৪ জন করে এবং সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ৩ হাজার ৫৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৮ জন।

একই সময়ে বিভাগে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ১২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে