নিজস্ব প্রতিবেদক খুলনা: খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় সাংবাদিকদের আড্ডাস্থলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো রাতে জাতিসংঘ পার্ক এলাকায় কয়েকজন সাংবাদিক বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। তারা সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে দুর্বৃত্তদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি। এ সময় পাশে থাকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হন বলে জানা গেছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা গুলি চালানোর কারণ জানা যায়নি।
সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিনের মতো কয়েকজন সাংবাদিক সেখানে বসে কথা বলছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কোনো কথা না বলে গুলি ছুড়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় খুলনার সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
এদিকে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
