ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় পুরো চালানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক একটি টেন্ডারের মাধ্যমে বহুজাতিক কোম্পানির স্টক থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে প্রায় ১১,৫০০ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হয়েছিল। তবে মানসম্মত না হওয়ায় এই চাল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর চালানটির প্রাথমিক পরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বিস্তারিত রাসায়নিক ও গুণগত পরীক্ষা দেখা যায়, চালের মান নির্ধারিত মানদণ্ডের চেয়ে অনেক নিচে। একপর্যায়ে চালানের মাত্র ৩,৫০০ মেট্রিক টন খালাস করার পর বাকি চাল নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। ফলে পুরো চালানটিই ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে গুঞ্জন ও উত্তেজনা দেখা দিয়েছে। বাণিজ্য খাতের সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রক্রিয়াগত জটিলতা বা সিদ্ধান্তহীনতার কারণেও এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে, যা ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
