ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ক্রিকেটেও খালি হাত

ক্রিকেটেও খালি হাত

স্পোর্টস ডেস্ক:

চারপাশে নয়নাভিরাম সবুজায়ন আর মাঝে চোখ ধাঁধানো করোগি অ্যাথলেটিক পার্ক। তবে এই সুন্দর গ্রাউন্ডটিই যেন আইচি নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেটের নিদারুণ ব্যর্থতার এক করুণ স্মারক হয়ে রইল। নারী দলের পর পুরুষ দলও এশিয়াডে পদক জিততে ব্যর্থ হওয়ায় বাইজ গজের লড়াইয়ে লিটন কুমার দাসদের চরম ভরাডুবি ঘটেছে। গতকাল শনিবার অপেক্ষাকৃত অনভিজ্ঞ শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় পরাজয়ে পদকের স্বপ্নের সলিল সমাধি হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের। যেখানে পাকিস্তান দলকে ১৯ রানে হারিয়ে স্বর্ণ পদক নিজের করে নিয়েছে ভারত।

সর্বশেষ হ্যাংঝু এশিয়ান গেমসে ক্রিকেট থেকে দুটি ব্রোঞ্জ আসলেও, এবার শূন্য হাতেই ফিরতে হচ্ছে বিসিবিকে। আইচি নাগোয়া এশিয়াডে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে জিন্নাত আক্তারের পাওয়া সেই ব্রোঞ্জপদকটি। তারকাখচিত দল নিয়েও শ্রীলঙ্কার তারুণ্যনির্ভর দলটির বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে হারায় দল। অধিনায়ক লিটন দাসও (০) সময়োপযোগী ভূমিকা রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলেন, “সত্যিকার অর্থে, আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি।”

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের পেশাদারত্ব ও মনোযোগ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। টুর্নামেন্ট চলাকালে লিটন-রিশাদদের মধ্যে সিরিয়াসনেসের চরম অভাব লক্ষ্য করা গেছে বলে গুঞ্জন ওঠে। অন্য শহরে ঘুরে বেড়ানো কিংবা গভীর রাত পর্যন্ত কেনাকাটা করার বিষয়ে শ্রীলঙ্কা ম্যাচের সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন করা হয় অধিনায়ক লিটন দাসকে।

অভিযোগ অস্বীকার করে সতীর্থদের পক্ষে সাফাই গেয়ে লিটন বলেন, “কী করলে আপনার কাছে মনে হতো যে গেমসটি আমরা হালকাভাবে নিইনি? ক্রিকেট খেলতে গেলে অনুশীলনের প্রয়োজন আছে। এখানে কি সেই সুবিধা ছিল? নেই। তাহলে একটা প্লেয়ার কি সারাদিন রুমে বন্দি থাকবে? তাছাড়া আয়োজকদের দেওয়া খাবার উপযোগী না হওয়ায় খেলোয়াড়দের বাইরে যেতে হয়েছে।” অবশ্য সমমানের সুযোগ-সুবিধা পেয়েও শ্রীলঙ্কা ও পাকিস্তান সাফল্য পাওয়ায় অনুশীলনের অভাবকে অজুহাত হিসেবে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত লিটন স্বীকার করেন, “বাজে ক্রিকেট খেলেছি আমরা।”

অস্ট্রেলিয়া সফর থেকেই অফফর্মে থাকা লিটন পুরো টুর্নামেন্টে দুই ম্যাচে করেন মাত্র ২ রান। একের পর এক ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়বেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিসিবি অধিনায়ক একটু কড়া সুরেই বলেন, “এশিয়ান গেমস থেকে নেতৃত্ব ছাড়লাম! দুটো ম্যাচে আমি খারাপ খেলেছি, ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকবেই। তার জন্য অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার মতো কিছু হয়নি। আমি পদত্যাগ করছি না।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে