ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ক্যামেরায় এক, জীবনে অন্য সুনেরাহ

ক্যামেরায় এক, জীবনে অন্য সুনেরাহ

নবপ্রকাশ ডেস্ক:

ক্যামেরার সামন ও পেছনের জীবন—দুটিতেই স্পষ্ট এক অনন্য বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন নন্দিত অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। পর্দায় কখনও তিনি সংসারী গৃহবধূ, কখনও মনস্তাত্ত্বিক ও রহস্যময় কোনো চরিত্র, আবার বাস্তব জীবনে স্বকীয় ব্যক্তিত্বে স্বতন্ত্র। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচা থেকে শুরু করে দেশের ছোটপর্দার বিপুল সাফল্য—সব মিলিয়ে সাম্প্রতিক বছরটা ক্যারিয়ারের অন্যতম বর্ণিল সময় হিসেবে পার করছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

সুনেরাহর সাম্প্রতিক পথচলার সবচেয়ে বড় অধ্যায় নিঃসন্দেহে বিশ্ববিখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবটির মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ‘অরিজোন্তি’ বিভাগে জায়গা করে নেয়। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের উপস্থিতির জানান দিয়েছেন সুনেরাহ।

ভেনিসের রেড কার্পেটে কেবল সিনেমার প্রদর্শনীতেই অংশ নেননি, বরং পোশাক ও সাজসজ্জায় ঐতিহ্যবাহী দেশীয় উপাদান ফুটিয়ে তুলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভেনিসের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহ বলেন, “ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবে অংশ নেওয়া আমার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও সমালোচকদের সাথে ভাব বিনিময়ের সুযোগ হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের সিনেমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে তৈরি হওয়া আগ্রহ, তা আমার ভবিষ্যৎ অভিনয়যাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”

আন্তর্জাতিক মঞ্চে ঝলক দেখানোর পাশাপাশি দেশের ছোটপর্দাতেও সুনেরাহর উপস্থিতি ছিল সমান চমকপ্রদ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অনবদ্য অভিনয় করে ব্যাপক দর্শকনন্দিত হয়েছেন তিনি। অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করা এই নাটকের প্রতিটি পর্বই ডিজিটাল মাধ্যমে সাড়া ফেলেছে। নেটদুনিয়ায় নাটকটির প্রতিটি পর্ব পেরিয়ে গেছে এক কোটি ভিউয়ের কোটা, যার মধ্যে প্রথম পর্বটি তিন কোটিরও বেশি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

এর আগে ‘ঝরা বকুল’ নাটকে গুণী অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সুনেরাহ। সম্প্রতি ময়মনসিংহের বিভিন্ন চোখজুড়ানো লোকেশনে নতুন আরেকটি নাটকের চিত্রায়ণ শেষ করেছেন তিনি, যেখানে আবারও গোলাম ফরিদা ছন্দা ও সুনেরাহকে দেখা যাবে মা-মেয়ের রসায়নে।

অভিনয়ের বাইরে ফ্যাশন ও লাইফস্টাইলেও দীর্ঘদিনের পদচারণা রয়েছে সুনেরাহ বিনতে কামালের। মডেলিং দিয়ে মিডিয়া জীবন শুরু করে স্টাইলিং ও মার্কেটিংয়ের কাজও করেছেন সফলতার সাথে। ফ্রেমের ভেতর ও বাইরের সুনেরাহর এই নিরবচ্ছিন্ন রূপান্তরই তাঁকে বাংলা বিনোদন জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে