ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কুয়েতে বাড়ল আল্ট্রা ৯৮ জ্বালানির দাম, ১ জুলাই থেকে কার্যকর

কুয়েতে বাড়ল আল্ট্রা ৯৮ জ্বালানির দাম, ১ জুলাই থেকে কার্যকর

এক ধাপে প্রতি লিটারে ৫০ ফিলস বৃদ্ধি পেয়েছে  আল্ট্রা ৯৮ জ্বালানির দাম। ছবি: সংগৃহীত

কুয়েতে বাড়ানো হয়েছে উচ্চ অকটেনের আল্ট্রা ৯৮ জ্বালানির দাম। ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকায় প্রতি লিটার আল্ট্রা ৯৮-এর দাম ২২৫ ফিলস থেকে বাড়িয়ে ২৭৫ ফিলস নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ এক ধাপে প্রতি লিটারে ৫০ ফিলস বৃদ্ধি পেয়েছে এই জ্বালানির মূল্য।
তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, বহুল ব্যবহৃত প্রিমিয়াম ৯১, সুপার ৯৫, ডিজেল  এবং কেরোসিনের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন মূল্য অনুযায়ী প্রিমিয়াম ৯১-এর দাম প্রতি লিটার ৮৫ ফিলস, সুপার ৯৫-এর ১০৫ ফিলস, ডিজেল  এবং কেরোসিন ১১৫ ফিলস বহাল থাকবে। 
রাষ্ট্রায়ত্ত কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) জানিয়েছে, সরকারের ত্রৈমাসিক মূল্য পর্যালোচনা নীতির অংশ হিসেবে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত মূল্য ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। 
প্রতি তিন মাস পর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, উৎপাদন ব্যয়, ভর্তুকি নীতি এবং সরকারি অর্থনৈতিক পরিকল্পনা বিবেচনা করে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করা হয়। 
যদিও সরকার মূল্য বৃদ্ধির নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি, তবে জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, উচ্চ অকটেনের জ্বালানিতে সরকারি ভর্তুকি ধীরে ধীরে কমানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করাই এ সিদ্ধান্তের অন্যতম কারণ। 
এছাড়া বিলাসবহুল ও উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ির ব্যবহারকারীদের প্রকৃত বাজারমূল্যের কাছাকাছি দামে জ্বালানি সরবরাহের লক্ষ্যও থাকতে পারে। 
মূল্য বৃদ্ধির পরও কুয়েত এখনও বিশ্বের অন্যতম স্বল্পমূল্যের জ্বালানি সরবরাহকারী দেশ। দেশটি নিজেই বড় তেল উৎপাদক ও রপ্তানিকারক হওয়ায় সরকার এখনও বিভিন্ন জ্বালানিতে ভর্তুকি দিয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধাপে ধাপে ভর্তুকি সংস্কারের মাধ্যমে কিছু জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে