নবপ্রকাশ ডেস্ক:
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিষেশ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এই অভিযানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান। এর আগে বুধবার রাতে জেলাজুড়ে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রেক্ষিতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়। শহরের বিভিন্ন পয়েন্ট ছাড়াও যেসকল স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে, সেগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানিয়েছে, আটক ৬২৪ জনের মধ্যে কারও অতীতের অপরাধমূলক রেকর্ড বা সরাসরি অপরাধে সম্পৃক্ততা রয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
