বিনোদন ডেস্ক:
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এখন আর রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। যে কোনো ভালো-মন্দের অনুভূতির বিষয় তিনি শেয়ার করে নেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে।
সম্প্রতি এমনই একটি স্থিরচিত্র দেখা গেছে পরীমনির সামাজিক মাধ্যম ফেসবুকে।
এবার সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’ হাতে। নীল রঙের শাড়িতে নিজেকে মুড়ে, বই পড়ে যেন ঘরের মাঝেই শরৎকে খুঁজে নিলেন পরী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী পরীমনি। ছবিগুলোতে নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি। পরীমনির এসব ছবি প্রকাশ পেতেই ভক্ত-অনুরাগীরা তার রূপ ও সৌন্দর্যের প্রশংসায় মেতে ওঠেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই রূপসী লাবণ্য মেলে ধরাটা ভক্ত-অনুরাগীদের মনে ধরেছে।
কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন পরীমনি। তার এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্নমাত্রা যোগ করেছে। ছবির ক্যাপশনে খানিকটা ছন্দে পরীমনি লিখেছেন— ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’
