ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কারাগারে ‘ভিআইপি পল্লি’: বরখাস্ত ৫

কারাগারে ‘ভিআইপি পল্লি’: বরখাস্ত ৫

নবপ্রকাশ ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি কারাগারে আকস্মিক অভিযান চালিয়ে প্রভাবশালী ও ধনী বন্দিদের জন্য তৈরি সুসজ্জিত ভিআইপি ভিলা, সুইমিং পুল, এসি রুম, জিমনেসিয়ামসহ অভাবনীয় বিলাসবহুল সুবিধার সন্ধান পেয়েছে দেশটির প্রশাসনিক তদারকি সংস্থা ওমবাডসম্যান। এমন চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কারাগারের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার পর অর্থশালী বন্দিদের কারাকক্ষে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত ঘুষ ও দুর্নীতির বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ায় নতুন করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত জাকার্তার কাছে অবস্থিত প্রায় চার হেক্টর আয়তনের ‘সিবিনং ক্লাস আইআইএ’ নামক মাঝারি থেকে উচ্চ নিরাপত্তার একটি কারাগারে। গুরুতর অপরাধ ও আর্থিক কেলেঙ্কারিতে দণ্ডিত আসামিদের এই কারাগারে বন্দি রাখা হয়। সম্প্রতি ওমবাডসম্যানের একটি প্রতিনিধি দল একদল সাংবাদিককে সাথে নিয়ে ওই কারাগারে ঝটিকা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে কারাগারের প্রধান কর্মকর্তার বাসভবনের পেছনের অংশে কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি সংরক্ষিত এলাকা দেখতে পান তদন্তকারীরা। এ সময় প্রথমে কারারক্ষীরা পরিদর্শকদের ওই এলাকায় প্রবেশে বাধা সৃষ্টি করলেও পরবর্তীতে ভেতরে প্রবেশ করে চোখ ছানাবড়া হয়ে যায় কর্মকর্তাদের।

তদন্তকারী দল সেখানে অন্তত ১০টি স্বতন্ত্র আবাসিক ভিলা বা ইউনিট খুঁজে পায়। বাসাবাড়ির আদলে তৈরি প্রতিটি ইউনিটে ছিল এসি, সোফা, ফ্রিজ, বড় পর্দার টেলিভিশন ও আধুনিক ডাইনিং টেবিল। এমনকি ওই বিশেষ প্রাঙ্গণে একটি সুইমিং পুল, জিম, টয়োটা আলফার্ড ও টয়োটা ফরচুনারের মতো দামী ব্যক্তিগত গাড়ি এবং একটি নির্মাণাধীন গলফ সিমুলেটরের সন্ধান মিলেছে।

আরও বিস্ময়কর বিষয় হলো, নিরাপত্তা তল্লাশি এড়াতে কারাগারের পেছনের বাঁশঝাড় ও ময়লার স্তূপের মধ্য দিয়ে আলাদা একটি বিকল্প গোপন পথ তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে কারাফাটকের কোনো নজরদারি ছাড়াই যাতায়াত করতেন প্রভাবশালী বন্দি ও তাঁদের স্বজনেরা।

ইন্দোনেশিয়ার সংসদীয় শুনানিতে ওমবাডসম্যানের সদস্য সিয়াফরিয়াদা রাচমাওয়াতি রাসাহান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “কারাগারের ভেতরে সাধারণ বন্দিদের আওতাবহির্ভূত অবকাঠামো তৈরির স্পষ্ট প্রমাণ মিলেছে। এই স্থাপনাগুলো কোনো সাধারণ কারাকক্ষ নয়, বরং অ্যাপার্টমেন্ট ও বিলাসবহুল রিসোর্টের আদলে তৈরি। এটি কারা কাঠামোর গভীর দুর্নীতির কেবল ‘হিমশৈলের চূড়া’ মাত্র।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে