বিনোদন ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তানজীব জানান, তিনি কন্যাসন্তানের বাবা হয়েছেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবজাতককে নিজের পরিবারের জন্য বিশেষ আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন এই সংগীতশিল্পী।
নিজের অনুভূতি জানিয়ে তানজীব লেখেন, সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত। তাদের ছোট্ট রাজকন্যা পরিবারের জীবনে আনন্দ ও আলোর বার্তা নিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
নবজাতক কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানজীব সারোয়ার। তার এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
২০২৫ সালের অক্টোবরে সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন তানজীব সারোয়ার। পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন তার স্ত্রী।
সংগীতজগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তানজীব। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’।
২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির সব গানের কথা ও সুর করেছেন তানজীব নিজেই। সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদারসহ আরও কয়েকজন সংগীত পরিচালক।
