ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কড়া শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কড়া শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

নবপ্রকাশ ডেস্ক:

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে মোট ৩৩০ কোটি মার্কিন ডলারের কঠিন শর্তের (অনমনীয়) বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনমনীয় ঋণ সম্পর্কিত স্থায়ী কমিটির (SCNCL) গুরুত্বপূর্ণ বৈঠকে বিশাল অঙ্কের এই ঋণপ্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। অনুমোদিত অর্থের মধ্যে বিদ্যুৎ খাতের নতুন প্রকল্পের জন্য ২০ কোটি ডলার এবং জ্বালানি আমদানিতে পূর্বের সিদ্ধান্তের ভূতাপেক্ষ অনুমোদনে ৩১০ কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে এডিবির ২০ কোটি ডলার

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বাস্তবায়নাধীন ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’-এর অনুকূলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ২০০ মিলিয়ন (২০ কোটি) মার্কিন ডলারের অনমনীয় ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ইআরডির কার্যপত্র অনুযায়ী, এডিবির এ ঋণের সুদের হার সিকিউর্ড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (SOFR) সঙ্গে ০.৫০ শতাংশ স্প্রেড যুক্ত করে নির্ধারিত হবে। ২৫ বছর মেয়াদি এই ঋণে ৫ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। এ ছাড়া ০.১০ শতাংশ ম্যাচিউরিটি প্রিমিয়াম ও ০.১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ প্রদেয় হবে। ঋণটির গ্র্যান্ট এলিমেন্ট মাত্র ৫.৭০ শতাংশ হওয়ায় এটি সরকারি নিয়ম অনুযায়ী অনমনীয় বা কঠিন শর্তের ঋণ হিসেবে পরিগণিত হচ্ছে।

এই ২০ কোটি ডলার ব্যয়ে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুলাই মেয়াদে ঢাকা শহরের পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস) এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও জলবায়ু সহনশীলতা বাড়ানো হবে। প্রকল্পটির আওতায় নতুন উপকেন্দ্র নির্মাণ, ভূগর্ভস্থ (Underground) ও ওভারহেড লাইন স্থাপন, ইনসুলেটেড কন্ডাক্টর সংযোগ এবং ডিজিটাল মনিটরিং ও ফল্ট লোকেটর প্রযুক্তি যুক্ত করা হবে, যা বিদ্যুৎ খাতের সিস্টেম লস উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।

জ্বালানি নিরাপত্তায় আইটিএফসির ৩১০ কোটি ডলার

দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা সুসংহত রাখতে ও নিরবচ্ছিন্ন সরবরাহ অটুট রাখতে সৌদি আরবের জেদ্দাভিত্তিক আইটিএফসি (ITFC) থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩১০ কোটি ডলারের স্বল্পমেয়াদি অনমনীয় ঋণের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

এই ঋণের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে জ্বালানি তেল আমদানিতে ২৫০ কোটি ডলার এবং পেট্রোবাংলার মাধ্যমে এলএনজি আমদানিতে ৬০ কোটি ডলার ব্যয় করা হবে। ৬ মাস মেয়াদি এই ঋণের সুদের হার নির্ধারিত হয়েছে ৬ মাসের টার্ম এসওএফআরের (Term SOFR) সঙ্গে ১.৭০ শতাংশ স্প্রেড যোগ করে।

ইআরডির নীতিমালার কথা উল্লেখ করে বৈঠকে জানানো হয়, বৈদেশিক অনমনীয় ঋণের দায় পরিশোধের বার্ষিক ব্যয় যেন কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট অর্থবছরের মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ বা অভ্যন্তরীণ রাজস্ব আয়ের ১৫ শতাংশের সীমা অতিক্রম না করে, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক গুরুত্ব ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনা করেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে