কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের কালভার্ট নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব।
আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান যে দুই শ্রমিক মারা গেছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, তিন শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে দুজন আগেই মারা গেছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
