ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী

‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

“জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পৃথিবীর সকল দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সমতার নীতিতে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতা সুদৃঢ় করতে বদ্ধপরিকর।”

আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে সামরিক বাহিনীর সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় পতাকা’ (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

‘সেনা পরিবারেই আমার বেড়ে ওঠা’

আবেগঘাস্পদ স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “একজন সেনা পরিবারের সন্তান হিসেবে আমি নিজেই সেনা পরিবেশের আবহাওয়ায় বেড়ে উঠেছি। ফলে আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আপনাদের সামনে ভিন্ন রাষ্ট্রীয় পরিচয়ে উপস্থিত হলেও, সামরিক বাহিনীর এই সুশৃঙ্খল পরিবেশ আমার জন্য নতুন কোনো বিষয় নয়।”

‘অস্ত্র নয়, শৃঙ্খলা ও চেইন অব কমান্ডই মূল শক্তি’

অনুষ্ঠানে পেশাগত দক্ষতার অসামান্য স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (PGR), ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, নবম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাতে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনি স্পষ্ট জানান, পতাকার মান ও মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র ঈমানী ও জাতীয় দায়িত্ব। একটি আধুনিক সশস্ত্র বাহিনীর প্রকৃত ক্ষমতা শুধু বিপুল অস্ত্র বা জনবলে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, পেশাগত দক্ষতা, সৎ নেতৃত্ব, নৈতিকতা, কঠোর প্রশিক্ষণ, জনগণের অকৃত্রিম আস্থা এবং সর্বোপরি সুদৃঢ় চেইন অব কমান্ডের ওপর।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সূচনা ও জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা

ইতিহাসের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময় পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য ও ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা করা হয়েছিল। তবে দেশবাসীকে মনে রাখতে হবে—আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রক্তের ভেতর দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম।”

তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদারদের গণহত্যার বিরুদ্ধে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান প্রথম ‘উই রিভোল্ট’ (আমরা বিদ্রোহ করলাম) বলে প্রতিরোধ গড়ে তোলেন।

১৯৭২ সালে ‘দৈনিক বাংলা’, ১৯৭৪ সালে ‘সাপ্তাহিক বিচিত্রা’ এবং ১৯৮০ সালে ‘দৈনিক দেশ’ পত্রিকায় প্রকাশিত শহীদ জিয়াউর রহমানের নিজস্ব নিবন্ধ ‘একটি জাতির জন্ম’-এর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “২৬ মার্চ ১৯৭১ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান সেনাসদস্যদের সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত ঐতিহাসিক নির্দেশ দেন। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর স্বাধীনতার ঘোষণা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধের এই অকুতোভয় ভূমিকা প্রতিটি সেনাসদস্যের অনুপ্রেরণার চিরন্তন উৎস।”

‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ ও ১৩৮% বেতন বৃদ্ধি

সেনাসদস্যদের আবাসন, শিক্ষা, চিকিৎসা ও অবসরোত্তর কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বড় সুখবর দেন। তিনি জানান, ইতোমধ্যেই জাতীয় পে-স্কেলে সামরিক বাহিনীর সদস্যদের বেতন-ভাতা ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৩৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নত করতে দীর্ঘদিনের প্রতীক্ষিত ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ (One Rank One Pension) নীতি বাস্তবায়নের কাজ বর্তমানে দ্রুত গতিতে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রযুক্তি, ড্রোন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

যুগের পরিবর্তনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধের রূপরেখা বদলে যাচ্ছে। এখন সমুদ্র ও আকাশের পাশাপাশি সাইবার স্পেস, স্পেস টেকনোলজি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইলেকট্রনিক যুদ্ধকৌশল জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এ বাস্তবতা বিচারে সশস্ত্র বাহিনীকে সর্বাধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান আয়োজনের জন্য নবম পদাতিক ডিভিশনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বর্ণাঢ্য এই আয়োজনে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী প্রধান, কূটনৈতিক কোরের প্রতিনিধি এবং সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে