নবপ্রকাশ ডেস্ক
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় অনুযায়ী পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানান, অক্টোবরের মাঝামাঝি বা শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ হলে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।
তিনি জানান, এইচএসসি ফল প্রকাশের আগে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণ, ভর্তি আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে প্রায় এক মাস সময় প্রয়োজন হবে। তাই ফল প্রকাশে দেরি হলে মেডিক্যাল ভর্তি পরীক্ষার সময়ও পিছিয়ে যেতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবারও একই দিনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও নম্বর বণ্টনসহ পরীক্ষার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
গত শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে পরীক্ষা নেওয়া হয় এবং দুই দিন পর ফল প্রকাশ করা হয়েছিল।
