নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।
রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়, ডিএনসিসির আওতাধীন অঞ্চল-৮-এর ওয়ার্ড-৪৬, উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের লাইভ কাভারেজ করার অনুরোধ জানানো হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত ওই বার্তায় দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলাকালে প্রশাসক ও এমপির ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে বার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে হতাহত, গ্রেপ্তার বা ক্ষয়ক্ষতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। সংঘর্ষের কারণ সম্পর্কেও নির্ভরযোগ্য সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, মো. শফিকুল ইসলাম খান বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাম্প্রতিক সময়ে নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
