নবপ্রকাশ ডেস্ক:
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জানান, দুই হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। আগামী ২৮ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এর আগে রিমান্ড মেয়াদ শেষে আসামি গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে একদল দুষ্কৃতকারী হামলা চালায়। একই সময়ে হামলাকারীরা ওই এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনার পরদিন, ২৭ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। আলোচিত এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ৪ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
