ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইসরায়েলের বিপক্ষে খেলতে নারাজ আয়ারল্যান্ড

ইসরায়েলের বিপক্ষে খেলতে নারাজ আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টুর্নামেন্টের ড্রয়ে আয়ারল্যান্ড ও ইসরায়েলকে আলাদা গ্রুপে রাখার জন্য ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) আবেদন প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উইয়েফা। এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কুরেল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নেশনস লিগের ড্রয়ে আয়ারল্যান্ড ও ইসরায়েল একই গ্রুপে পড়ে। আগামী ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর দল দুটি মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত জুনে এফএআই জানায়, ৪ অক্টোবরের হোম ম্যাচটি ডাবলিনের আভিভা স্টেডিয়ামে না হয়ে সার্বিয়ার বাচকা তোপোলায় দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, হাঙ্গেরির দেব্রেচেনে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের ‘হোম’ ম্যাচের জন্য আইরিশ সমর্থকদের কোনো টিকিট দেওয়া হবে না।

গত জুলাইয়ে এফএআইয়ের এক বিশেষ সাধারণ সভায় ম্যাচ দুটি বয়কট না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রতিনিধিদের মতে, ম্যাচ বয়কট করা হলে আইরিশ ফুটবলের জন্য ‘দীর্ঘমেয়াদি ও মারাত্মক ক্ষতি’ হতে পারে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ম্যাচ দুটি খেলার এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইনের পক্ষে ‘স্টপ দ্য গেম’ ক্যাম্পেইন চালু করে ম্যাচ বয়কটের দাবি জানানো হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুরেল জানান, ফেব্রুয়ারির ড্রয়ের পরই উইয়েফার কাছে প্রস্তাবটি পাঠায় এফএআই, তবে তা নাকচ করে দেওয়া হয়েছে।

উইয়েফার প্রতিক্রিয়া তুলে ধরে কুরেল বলেন, ‘তাদের প্রতিক্রিয়া ছিল একেবারেই স্পষ্ট। ড্রয়ের সময় নির্দিষ্ট দুটি দলকে মুখোমুখি না করার জন্য তাদের একটি তালিকা থাকে (ডু নট ড্র লিস্ট)। তবে এটি সম্পূর্ণভাবে দুটি দেশের মধ্যকার সরাসরি যুদ্ধের ওপর নির্ভর করে, জনমতের ওপর নয়।’

তিনি আরও বলেন, ‘উইয়েফা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটি সম্ভব নয়, কারণ আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যে কখনও সরাসরি কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। আমি সেই জবাব মেনে নিতে বাধ্য হয়েছি।’

‘স্টপ দ্য গেম’ প্রচারাভিযানে সমর্থন জানিয়েছেন সাবেক আইরিশ ম্যানেজার ব্রায়ান কার এবং সাবেক ফুটবলার জেমস ম্যাকক্লিন। গত মে মাসে ডাবলিনে কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচ চলাকালে সমর্থকেরা মাঠে টেনিস বল ছুড়ে প্রতিবাদও জানান।

আইরিশ সম্প্রচারমাধ্যম আরটিইকে কুরেল বলেন, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি প্রথম থেকেই তুলে আসছে এফএআই এবং তিনি আইরিশ জনগণের আবেগের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘আমরা নিজেরাও এমন পরিস্থিতিতে পড়তে চাইনি। আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের জন্য আমরা উইয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছি। উইয়েফার ৫৫টি সদস্য দেশের মধ্যে আমরাই একমাত্র ফেডারেশন, যারা আনুষ্ঠানিকভাবে এই দাবি তুলেছি। তবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েল গণহত্যা বা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের এই অভিযানকে আত্মরক্ষার উপায় হিসেবে দাবি করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে