ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত:ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত:ট্রাম্প

নবপ্রকাশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি রোববার বলেছেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি ‘বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন’ হয়েছে। ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর তিনি এ মন্তব্য করেন। এতে টানা তিন মাসের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আগে এখন শুধু চুক্তির শেষ দিকের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন- যুক্তরাষ্ট্র, ইরান এবং আলোচনায় অংশ নেয়া অন্য দেশের মধ্যে একটি চুক্তির বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি।

তিনি আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলাদা করে কথা হয়েছে এবং সেই আলোচনা খুব ভালো হয়েছে। ট্রাম্প বলেন, আলাদাভাবে আমি ইসরাইলের প্রধানমন্ত্রী ‘বিবি’ নেতানিয়াহুর (নেতানিয়াহুকে বিবি নামেও ডাকা হয়) সঙ্গে কথা বলেছি। সেটিও খুব ভালো হয়েছে। চুক্তির চূড়ান্ত বিষয় ও বিস্তারিত এখন আলোচনা হচ্ছে এবং খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।

তিনি এই সমঝোতাকে শান্তি সংক্রান্ত সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) হিসেবে বর্ণনা করেছেন। তবে এটি এখনো যুক্তরাষ্ট্র, ইরান এবং শনিবারের আলোচনায় অংশ নেয়া দেশগুলোর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো চাপিয়ে দেয়া যুদ্ধের অবসান ঘটানো। প্রথম ধাপে ১৪ দফার একটি সমঝোতা স্মারকে একমত হওয়ার চেষ্টা চলছে। আলোচনায় মূল গুরুত্ব দেয়া হচ্ছে যুদ্ধ বন্ধের ওপর- সব ফ্রন্টে, যার মধ্যে লেবাননও রয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক হামলা বন্ধ করা, অথবা যাকে তারা নিজেরা নৌ অবরোধ বলে উল্লেখ করছে এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার মতো অন্যান্য বিষয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেয়া হবে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। প্রতিবেদন অনুযায়ী, ইরান কেবল যুদ্ধের আগের মতো জাহাজ চলাচলের সংখ্যা ফিরিয়ে আনতে সম্মত হয়েছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধের আগে যেভাবে সম্পূর্ণ অবাধ চলাচল ছিল, সেটি আবার চালু হবে। ট্রাম্প তার ‘শান্তিচুক্তির কাছাকাছি’ বার্তায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনার কথা উল্লেখ করেননি। ইরানও বলেছে, এ বিষয়টি এখনো আলোচনায় ওঠেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ট্রাম্পের পোস্টকে ‘প্রচারমূলক’ বলে আখ্যা দিয়েছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প আগে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যেকোনো চুক্তির প্রধান ও অবিচ্ছেদ্য শর্ত। কিন্তু ইরান এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আশা করছেন খুব শিগগিরই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী দফা পাকিস্তানে আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। শেহবাজ শরিফ এক্সে দেয়া পোস্টে লিখেছেন, পুরো প্রক্রিয়াজুড়ে তার নিরলস প্রচেষ্টার জন্য আমি গভীর প্রশংসা জানাই। আলোচনাগুলো বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। পাকিস্তান আন্তরিকতার সঙ্গে শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনা আয়োজন করতে পারব।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে