আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থানরত রাশিয়ান বিশেষজ্ঞ ও কর্মীদের সংখ্যা বাড়িয়ে ৭০০-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। এই লক্ষ্য অর্জনে নতুন করে আরও ৫০৮ জন বিশেষজ্ঞকে বুশেহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
গত বুধবার (২৮ অক্টোবর) রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ এ তথ্য জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই, বরং সেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষে কাজ চালিয়ে যাওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকেও দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
রোসাটমের প্রধান জানান, বুশেহরের পাশাপাশি ইরানে বড় ও ছোট আকারের নতুন কয়েক ইউনিট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিভিন্ন স্থান বিবেচনা করছে রাশিয়া এবং বেশ কয়েকটি স্থান নিয়ে ইতিমধ্যে সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ১৯২ জন রুশ কর্মী কাজ করছেন। নতুন ৫০৮ জন বিশেষজ্ঞ যুক্ত হলে বুশেহরে রোসাটমের মোট কর্মী সংখ্যা দাঁড়িয়ে ৭০০-তে পৌঁছাবে।
