খেলাধুলা ডেস্ক
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর চলমান কারানির্যাতন ও দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি মাইকেল হোল্ডিং। মাঠের সাবেক এই তীব্র প্রতিদ্বন্দ্বী ও বন্ধু স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মানুষের সঙ্গেই এত নির্মম আচরণ করা উচিত নয়।
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সম্মানিত এই কণ্ঠস্বর ভারতের টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পাকিস্তানের রাজনৈতিক বিষয়ে আমি ঢুকতে চাই না, তবে একটি নাম উল্লেখ না করলেই নয়—ইমরান খান। তিনি যা মধ্য দিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। এমনকি এর চেয়েও গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের সঙ্গে মানুষ এমন আচরণ করে না।”
তিন বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী এই বিশ্বজয়ী অধিনায়কের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি উদ্বেগ তুঙ্গে পৌঁছেছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর সঠিক চিকিৎসা এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
এর আগে ইমরানের সুচিকিৎসা ও মৌলিক মানবাধিকার নিশ্চিতের দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে খোলা চিঠি পাঠান আন্তর্জাতিক ক্রিকেটের ২২ জন সাবেক অধিনায়ক। যার মধ্যে ব্রায়ান লারা, প্যাট কামিন্স, ওয়াসিম আকরাম ও জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিরা যুক্ত ছিলেন। সেই প্রতিবাদের ধারাবাহিকতায় এবার সরব হলেন ‘হুইসপারিং ডেথ’ খ্যাত মাইকেল হোল্ডিং।
