ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২৮

নবপ্রকাশ ডেস্ক:

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রাশিয়ার ভয়াবহ ও ন্যক্কারজনক হামলায় শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই সমন্বিত হামলায় দেশটির গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও বিদ্যুৎ-জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের দিনই পরিচালিত (৭ অক্টোবর) এই সামরিক আক্রমণকে যুদ্ধের অন্যতম ‘ঘৃণ্য ও নিষ্ঠুরতম হামলা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সবচেয়ে মর্মান্তিক ও প্রাণঘাতী ধ্বংসযজ্ঞ ঘটেছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়ে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনীয় জরুরি সেবা বিভাগ নিশ্চিত করে যে, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে, যার মধ্যে অন্তত পাঁচটি শিশু রয়েছে। অন্যদিকে রাজধানী কিয়েভে ড্রোনের আঘাতে বিধ্বস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হলে সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, মস্কোর এই তাণ্ডবে দেশজুড়ে নিহতের সংখ্যা ২৮ ছাড়িয়েছে। কিয়েভের প্রসিকিউটররা জানান, কিয়েভের উপকণ্ঠে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরও দুজন মারা যান।

ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, হামলায় দেশজুড়ে অন্তত ১০০ জন আহত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, “পুতিন নিজের জন্মদিনে নিজেকেই একটি উপহার দিয়েছেন—যার রূপ হলো শিশু আর সাধারণ নিরীহ মানুষের রক্তাক্ত লাশ।” তিনি আরও যোগ করেন, রাতে প্রায় ৭০টি উচ্চগতির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কয়েক ডজন ‘শাহেদ’ ড্রোন ছুড়েছে রাশিয়া। প্রিলুকি শহরে ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তূপে স্কেভেটর ও ক্রেন নিয়ে উদ্ধারকারীরা ১৫ জনকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

সংকটজনক এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক প্রধান দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ও সামরিক স্থাপনা ‘ফায়ার পয়েন্ট’-কে লক্ষ্য করে স্থল, সমুদ্র ও আকাশপথ থেকে নিখুঁত অস্ত্রের মাধ্যমে এই ‘ব্যাপক ও সফল হামলা’ চালিয়েছে তারা। মূলত এই স্থাপনাটি ইউক্রেনের নিজস্ব ‘ফ্লামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দীর্ঘপাল্লার ড্রোন তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি মস্কোর।

হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় ইউক্রেনের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক মার্কিন ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘাটতি প্রকট হয়ে উঠেছে বলে জানান জেলেনস্কি। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন থেকে নতুন করে ১.২ বিলিয়ন ইউরোর (১.৩৪ বিলিয়ন ডলার) জরুরি আর্থিক সহায়তা ছাড় করা হয়েছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা খাতে দ্রুত ব্যয় করা হবে।

এদিকে, ইউক্রেনীয় বাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার অভ্যন্তরে পার্ম, সামারা ও আস্ট্রাখান অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে সফল ড্রোন হামলা চালিয়েছে। রুশ আগ্রাসনের জবাবে ক্রেমলিনের জ্বালানি অবকাঠামো ধ্বংসের অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে