ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইউএনডিপি বাংলাদেশের সংস্কারে পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি বাংলাদেশের সংস্কারে পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিশেষ করে আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং অপতথ্য রোধে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সংস্থাটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা সংকট, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার সুরক্ষা, প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং এটি আগামী সংসদ অধিবেশনে পাস হওয়ার আশা করা যাচ্ছে। আইনটি প্রণয়নে দেশি-বিদেশি অংশীজনদের পাশাপাশি দেশের সামাজিক মনস্তত্ত্ব ও ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় রাখা হয়েছে।

নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। ইতোমধ্যেই ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে।

আন্তর্জাতিক ভাবমূর্তি
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সব সময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে না। বাংলাদেশকে একটি উদার ও ধর্মীয় সহনশীল দেশ হিসেবে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের এই ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে