নবপ্রকাশ ডেস্ক:
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।
গোয়েন্দারা জানান, দুষ্কৃতকারীরা ঢাকার প্রান্তিক এলাকায় ‘হিট অ্যান্ড রান’ কৌশল ব্যবহার করে দ্রুত পালিয়ে যাচ্ছে। এ কারণে ডেমরা, যাত্রাবাড়ী, গাবতলী, বসিলা ও মিরপুরের সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। পাশাপাশি রেলস্টেশন ও রেলপথজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, নাশকতার নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইতিমধ্যেই কমলাপুর ককটেল বিস্ফোরণের ঘটনায় যুক্ত এক সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিদেশে অবস্থানরত নেতাদের ইন্ধন ও অর্থ জোগানের তথ্যও তদন্তে উঠে এসেছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, জনমনে আতঙ্ক তৈরীর চেষ্টা নস্যাৎ করতে পুলিশ প্রস্তুত রয়েছে এবং নাশকতার নির্দেশদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
