বিশেষ প্রতিনিধি, দৈনিক নবপ্রকাশ
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর আওয়ামী পন্থি আইনজীবী হিসেবে পরিচিত নূরনবী বুলবুল জানান, “আমরা আদালতে স্পষ্ট জানিয়েছি রিটকারী ব্যক্তি মো. আল আমিন আওয়ামী লীগের নিবন্ধিত বা অনুমোদিত কেউ নন। রাজনৈতিক বা আইনিভাবে এই ধরনের রিট আবেদন করার কোনো আইনগত অধিকার (locus standi) তার নেই।”
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। রিট আবেদনে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল চাওয়ার পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় উক্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। উক্ত প্রজ্ঞাপনে দলটির যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাইকোর্টের আজকের এই খারিজ আদেশের ফলে সরকারের সেই নিষেধাজ্ঞার আদেশই বহাল রইল।
