ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আর্জেন্টিনার ঘরের মাঠে মেসি কি ফিরবেন?

আর্জেন্টিনার ঘরের মাঠে মেসি কি ফিরবেন?

খেলাধুলা ডেস্ক

খেলার মাঠে আবারও নিজেদের দর্শকদের সামনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর দেশের মাটিতে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে।

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে মুখোমুখি হবে বুরকিনা ফাসোর। একই স্টেডিয়ামে ৬ অক্টোবর শেষ ম্যাচে প্রতিপক্ষ হবে বেনিন।

ম্যাচগুলোর আয়োজন প্রায় চূড়ান্ত হলেও এগুলো ফিফার ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিই এখন বাকি। এ বিষয়ে ফিফার অনুমোদনের অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অনুমোদন মিললে ম্যাচগুলোর ফল র‍্যাঙ্কিং ও খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানেও যুক্ত হবে।

‘ক্লাস এ’ স্বীকৃতি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফাইনালের পর পাওয়া নিষেধাজ্ঞা শেষ করার সুযোগ পাবেন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও তিয়াগো আলমাদা।

তবে ম্যাচগুলোর চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আর্জেন্টিনা দলের স্কোয়াড এবং কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দলের দায়িত্বে থাকুন। তাকে সেই ইচ্ছার কথা জানানো হলেও এখনো নিজের সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন কোচ।

স্কালোনির সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও তার কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য আর থাকছেন না। ওয়াল্টার স্যামুয়েল জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর জাতীয় দলের সঙ্গে তার অধ্যায় শেষ হবে। নিজের কোচিং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্যামুয়েলের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দিতে হতে পারে। বিশেষ করে সেট-পিস পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে স্কালোনি থাকলে রবার্তো আয়ালা, পাবলো আইমার, গোলকিপার কোচ মার্তিন তোকালি এবং দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের থাকার সম্ভাবনাই বেশি।

সবশেষে আলোচনার কেন্দ্রে অবশ্য একজনই—লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাঠে তাকে আরেকবার দেখার অপেক্ষায় সমর্থকেরা। মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বিদায়ী কোনো ম্যাচে তাকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিশ্বকাপ ও কোপা আমেরিকার সাফল্যে বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাকা মেসিকে ঘরের মাঠে শেষবার দেখার সুযোগ তৈরি হবে কি না—আর্জেন্টিনার আসন্ন ম্যাচগুলোর আগে সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে