স্টাফ রিপোর্টার:
জঙ্গি উত্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্লের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি ওই শব্দকে (জঙ্গি) রিকগনাইজ (স্বীকার) করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রপন্থি গোষ্ঠী) থাকে, পৃথিবীর সব দেশেই এরা সক্রিয় থাকে। র্যাডিকেল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে এগুলো আমরা ইউজড টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা আর নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলে। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলে এগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে দেড় দশকে শত শত গুমের অভিযোগ অনুসন্ধানে কমিশন গঠন করা হয়। কমিশন বলেছিল, জঙ্গিবাদবিরোধী অভিযানের ছায়ায় ইসলামি উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে বিগত আওয়ামী লীগ সরকার গুমকে ‘একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ’ দিয়েছিল।
এদিকে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক সতর্কবার্তায় জানায়, ‘নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা’ জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। এরপর দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো চিঠি দেওয়া হয়নি। তবে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইনস্টলেশন) ঘিরে সব সময় স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিভিন্ন বাহিনীর সহায়তা নেওয়া হয়, যা অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
